আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে এবং যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে বিশেষ তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। এরই অংশ হিসেবে মহাসড়কের ত্রিশাল অংশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিরসনের লক্ষ্যে অস্থায়ী রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে মহাসড়কের যানজট প্রবণ এলাকায় এই ডিভাইডার স্থাপনের কাজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী, উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, ত্রিশাল ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল ইসলাম, সাংবাদিক আ ন ম ফারুক মোঃ সেলিম প্রমূখ।
উপজেলা প্রশাসন জানায়, ঈদের সময় এই মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকে। বিশেষ করে ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং এবং অবৈধ ইউটার্নের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ডিভাইডার স্থাপনের ফলে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এবং যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে।
ইখা