ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষের মুখে থাকা বাংলাদেশকে শস্যশ্যামলা দেশে পরিণত করেছিলেন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়েছিলেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১২০০ মিটার খননকাজের উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নওগাঁ ধান উৎপাদনের জন্য দেশের অন্যতম শীর্ষ জেলা। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদাও বাড়ছে। তাই দেশের খাদ্য চাহিদা আমাদের নিজেদেরই পূরণ করতে হবে। প্রধানমন্ত্রী আমাকে তার টিমে রেখেছেন মানুষের সেবা করার জন্য। ভূমি সংক্রান্ত নানা অভিযোগ রয়েছে, সেগুলো দূর করতে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয়ে যাতে কোনো অনিয়ম ও দুর্নীতি না থাকে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে এসেছি।
নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধালু, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপুসহ অন্যরা।
ইখা