রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। সোমবার (১৬ মার্চ) সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের কক্ষে গিয়ে তারা সময়মতো উপস্থিত আছেন কি না এবং রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না তা খোঁজ নেন। পাশাপাশি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের বিষয়েও খোঁজখবর নেন তিনি।
এ সময় এমপি হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান, পরিবেশন পদ্ধতি ও সংরক্ষণ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। খাবারের গুণগত মান ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও তিনি নির্দেশনা দেন।
এছাড়া হাসপাতালের টয়লেট, পানির ব্যবস্থা ও সামগ্রিক স্যানিটেশন পরিস্থিতি পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেন তিনি।
চিকিৎসকদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “সরকার নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থাকতে হবে এবং রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করে মানসম্মত সেবা দিতে হবে।”
পরিদর্শনের সময় হাসপাতালের প্রধান কর্মকর্তা ডা. সূচনা মনোহারাসহ আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. জনাব আলী-মুস্তাফিজ, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় হাসপাতালের সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট ও রোগীদের ভোগান্তি নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন এমপি।
পরিদর্শন শেষে অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের সেবা করতে এসেছি। হাসপাতাল এমন একটি জায়গা, যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসে। এখানে কোনো ধরনের অব্যবস্থা বা অবহেলা গ্রহণযোগ্য নয়। রোগীদের জন্য মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও মানবিক সেবা নিশ্চিত করতে হবে।”
ইখা