চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ কাটার সময় অসাবধানতাবশত গাছের নিচে চাপা পড়ে মো. রুবেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া গ্রামের আব্দুল মজিদ মুহুরী বাড়ির মো. মোস্তফার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
নিহতের প্রতিবেশী হাসিব হাসান ও মাসুদ জানান, রুবেল পাশের এলাকায় দৈনিক মজুরির ভিত্তিতে গাছ কাটার কাজ করতে গিয়েছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি গাছ তাঁর শরীরের ওপর পড়ে। এতে তিনি কোমর ও মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান সুরভী জানান, সকাল ১১টার দিকে মো. রুবেল নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে মিরসরাই থানার পুলিশ এসে তাঁর মরদেহ থানায় নিয়ে যায়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়ামিন জানান, খবর পেয়ে পুলিশ মস্তাননগর হাসপাতালে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, অসাবধানতাবশত গাছের ডাল পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবার অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইখা