রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভরত পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। টানা দ্বিতীয় দিনের মতো চলা এই আন্দোলনের মুখে পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসে পরিস্থিতি থমথমে হয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে মিরপুর ১০ থেকে ১১ ও ১২ নম্বর মুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম প্রিভেনশন উত্তরের যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, আন্দোলনকারীদের সঙ্গে কিছু দুষ্কৃতকারী যুক্ত হয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছিল।
পুলিশের এই কর্মকর্তা বলেন, জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে কোনো প্রকার লাঠিচার্জ ছাড়াই শুধু সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং পুলিশের কোনো সদস্যও আহত হননি।
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকেরা এই আন্দোলন চালিয়ে আসছেন। এর আগে শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে একই দাবিতে আন্দোলন শুরু করেন তারা। সেদিন দুপুরে শাহ আলী থানাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয় এবং হিমালয় গার্মেন্টস ও পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালানো হয়। পরে বিকেল ৩টা ২০ মিনিটে পল্লবীর ‘২২ তলা’পোশাক কারখানাতেও ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন আন্দোলনকারীরা।
এইচএ