কিশোরগঞ্জের হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা। পরে ফিল্মি কায়দায় ধাওয়া করে ময়মনসিংহের ভালুকা থেকে ওই দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার ইউনুস খান (৪৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার মো. ইউসুফ হোসেন (৩৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. ওয়াসিম মিয়া (৩৫) এবং বগুড়ার দোনাত এলাকার আঃ মালেক ওরফে ছালেক (৫০)।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের পাশে একটি পিকআপ নিয়ে ৮ থেকে ৯ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দলটির সদস্যরা পিকআপ নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের পিছু ধাওয়া করে। ধাওয়া করতে করতে একপর্যায়ে ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় মহাসড়কের ওপর থেকে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তবে তাঁদের সঙ্গে থাকা দলের অন্য সদস্যরা পালিয়ে যান। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি রামদা, একটি স্মার্টফোন ও পাঁচটি বাটন ফোন উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ধাওয়ায় চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর