মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। মানুষের ভোটের কালি মোছার আগেই সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি কৃষকদের স্বার্থে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং সেখান থেকেই কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হবে।
তিনি বলেন, দেশে নদী ও খাল পুনরুদ্ধারে সরকার একটি বড় কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় সারা দেশে ২০ হাজার কিলোমিটারেরও বেশি নদী ও খাল খনন করা হবে। দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে নদী ও খাল খননের কাজ শুরু হয়েছে। আজ রাজখাল খননের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থা সচল রাখা এবং শুকনো মৌসুমে পানির সংকট দূর করতে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূলের কৃষকদের আরও স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, টাঙ্গাইল জেলার যেসব খাল ভরাট হয়ে গেছে বা মৃতপ্রায় অবস্থায় রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে খনন করা হবে। এতে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও মৎস্য খাত উপকৃত হবে।
রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এমপি, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসকে/আরআই