বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
একই সঙ্গে ড্রেজার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া মোল্লারহাট সংলগ্ন সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর মোহনার উত্তর পাশে এই অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার সকাল বিষয়টি নিশ্চত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না।
এ সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মনির হোসেন প্যাদা ও এনামুল শিকদারকে জরিমানা করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পূর্ব ভূতেরদিয়া এলাকায় বালু মহালের ইজারা বাতিল থাকলেও দীর্ঘদিন ধরে একটি চক্র নদীর তলদেশ কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার তামান্না বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভয়াবহ নদীভাঙনে অনেক মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও দোকানপাট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তাই ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনের। তাই এধরণের অভিযান ভবিষ্যৎতে অব্যাহত থাকবে।
এসআর