ভোলায় জেলা পুলিশের বিশেষ অভিযানে পৃথক চারটি ঘটনায় একটি সেমি-অটোমেটিক ক্যালিবার ৭.৬২ মিমি চায়না পিস্তল ও ম্যাগাজিন, ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট এবং ৮৪৮ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
পুলিশ সুপার জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক ঘটনায় অস্ত্র, জাল নোট ও মাদক উদ্ধার করা হয়। এ সময় এসব ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় নাহিদ হোসাইন (১২৬) নামের এক যুবককে একটি সেমি-অটোমেটিক ক্যালিবার ৭.৬২ মিমি চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ আটক করা হয়।
একই রাতে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ঘোষেরহাট লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে আ. মান্নান (৩৬) নামের একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়।
এদিকে, লালমোহন উপজেলায় পৃথক অভিযানে ৩৪৮ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম রাকিব (৩৮) ও নুরুল ইসলাম (৩৭) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে আরও ৫০০ পিস ইয়াবাসহ মো. হাসনাইন (২৬) ও হাফেজ (৪০) নামে দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও পিস্তল ও জাল নোটসহ গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
এসআর