বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন রাকাবের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার জাহিদ।
তিনি বলেন, সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ৩ হাজার কোটি টাকার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মরতুজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন রাকাব, প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্যের সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক CMSME–এর বিকাশ এবং কৃষি পণ্য রপ্তানি সম্প্রসারণ এ অর্থায়ন কর্মসূচির মূল লক্ষ্য। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা পালনের উদ্দেশ্যেই মূলত এই চুক্তি বলে জানান রাকাব জনসংযোগ ইফতেখার জাহিদ।
ইখা