টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে আউয়াল শফীর লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। এ সময় তাঁর মাথার মগজের কয়েকটি অংশ বিচ্ছিন্ন অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা যায়। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও পাশে পড়ে ছিল। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন এবং চালক দ্রুত পালিয়ে গেছে।
নিহতের বোন জামাই সুজন দাবি করেন, ধারালো কিছু দিয়ে আওয়ালের গলাকাটা হয়েছে। মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় পড়ে ছিল। তাই এটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মরদেহ রাস্তায় ফেলে রাখা হয়েছে। তিনি পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ‘নিহতের মাথার মগজের তিনটি অংশ তিন জায়গা থেকে কুড়িয়ে একত্র করেছি। দ্রুতগতির কোনো যানবাহনের আঘাতে এ রকম হয়ে থাকতে পারে। তাই প্রাথমিকভাবে আমাদের কাছে এটি দুর্ঘটনাই মনে হচ্ছে।’
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ইখা