সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এরই ধারাবাহিকতায় ট্রাস্টি বোর্ডের আওতায় বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিআরটিএ ও বরিশাল জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই চেক তুলে দেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
এ সময় বিআরটিএ বরিশাল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আতিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের মধ্যে নিহত ১৩টি পরিবারের প্রতিটিকে ৫ লাখ টাকা করে, গুরুতর আহত তবে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ থাকা ৮ জনকে ১ লাখ টাকা করে এবং গুরুতর আহত কিন্তু স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা নেই এমন ৬ জনের পরিবারকে ৩ লাখ টাকা করে মোট ৮৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, "সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হতে হবে। দুর্ঘটনায় যেসব পরিবার স্বজন হারিয়েছে, তাদের সেই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। এই অনুদানও তাদের বেদনা লাঘব করতে পারবে না। তবে এর মাধ্যমে সরকার যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে, সেই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে।"
তিনি সবাইকে সড়কে চলাচলে সচেতনতা বাড়ানো এবং নিজ নিজ জীবনের সুরক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
পিএম