১০ শয্যার অনুমোদন থাকলেও ১৭ জন রোগী ভর্তি রাখা, লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং দক্ষ টেকনোলজিস্ট ছাড়াই এক্স-রে কার্যক্রম পরিচালনার অভিযোগে মুন্সিগঞ্জের এ.আর ক্লিনিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার পঞ্চসার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার।
অভিযানে ১০ শয্যার অনুমোদন থাকা সত্ত্বেও ক্লিনিকটিতে নিয়ম অমান্য করে ১৭ জন রোগী ভর্তি রাখা হয়েছে। এ ছাড়া ক্লিনিকের নিজস্ব ফার্মেসির কোনো বৈধ অনুমোদন নেই। ওই ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
এ ছাড়া কোনো দক্ষ বা সনদপ্রাপ্ত টেকনোলজিস্ট ছাড়াই ক্লিনিকটির এক্স-রে বিভাগ পরিচালনার বিষয়টিও অভিযানে উঠে আসে। এসব অনিয়মের দায়ে ক্লিনিক কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন,ক্লিনিকটিতে অনুমোদনের অতিরিক্ত রোগী ভর্তি রাখা, অনুমোদনহীন ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষ জনবল ছাড়া এক্স-রে কার্যক্রম পরিচালনার মতো অনিয়ম পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসআর