কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরির আশঙ্কায় কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ৪০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে সার মজুদ করে রাখার দায়ে মেসার্স এম এম ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিসিআইসি অনুমোদিত সার ডিলার মো. আব্দুর রউফকে (৪৮) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বসার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে আব্দুর রউফের কাছ থেকে অবৈধভাবে মজুদ করা ৪০ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ারও নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১২(৩) ধারায় আব্দুর রউফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা এবং অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিরোধে অভিযান অব্যাহত থাকবে।”
এসআর