পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত।
অভিযানকালে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন এবং খাবারে নিষিদ্ধ কৃত্রিম রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ মানহীন সেমাই ও ক্ষতিকর রং জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০,০০০ টাকারও বেশি। ভোক্তা অধিকার ক্ষুণ্ণ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট কারখানার অভিযুক্ত ব্যক্তিকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে রমজান মাসে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় মানহীন খাবার বাজারজাত করার চেষ্টা করে।
তিনি আরও বলেন, “উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই কঠোর অবস্থান। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি অভিযান নিয়মিত চলমান থাকবে।”
এনআই