সীতাকুণ্ডে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জামা-কাপড়ের বাজার সহনীয় রাখতে উপজেলার পৌর সদর এলাকায় সোমবার (১৬ মার্চ) এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, ক্রয়মূল্যের তুলনায় অতিরিক্ত দামে পোশাক বিক্রি করা এবং কাপড় ক্রয়ের সুনির্দিষ্ট তথ্য ও রশিদ প্রদর্শন করতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘ক্ল্যাসিক কালেকশান’ নামে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা এবং ‘পোশাক বাজার’ নামে অপর একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদকে সামনে রেখে বাজারে অতিরিক্ত মূল্য আদায় রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এনআই