চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পে যানবাহনের উপচে পড়া ভিড়ের কারণে পিএবি সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, পণ্যবাহী যানবাহন ও জরুরি সেবার গাড়িগুলো।
সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকার ‘শরাফত এন্ড ব্রাদার্স’ নামের একটি পেট্রোল পাম্পের সামনে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, তেল সংকটের অজুহাতে পাম্পগুলো তেল দিচ্ছে না অথবা দিলেও তা পরিমাণে অত্যন্ত কম। এ কারণে একসঙ্গে বিপুলসংখ্যক যানবাহন পাম্পে ভিড় করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেল নিতে আসা গাড়ির দীর্ঘ সারি মূল সড়কে ছড়িয়ে পড়লে যান চলাচল ধীর হয়ে পড়ে। একপর্যায়ে প্রায় দেড় কিলোমিটারেরও বেশি এলাকায় যানজট ছড়িয়ে পড়ে এবং সহস্রাধিক যানবাহন আটকা পড়ে।
আকিবুর রহমান নামের এক সিএনজিযাত্রী বলেন, ‘বন্ধুদের নিয়ে শহরে যাচ্ছি। হঠাৎ সব গাড়ি তেল নিতে আসায় রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। আমরা প্রায় আধা ঘণ্টা ধরে এক জায়গায় আটকে ছিলাম, গাড়ি একদমই চলছিল না।’
আনোয়ারাগামী আরেক যাত্রী তাকিমুল ইসলাম জিশাদ বলেন, ‘জরুরি কাজে যাচ্ছিলাম। কিন্তু পাম্পে তেলের সংকটকে কেন্দ্র করে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।’
বাঁশখালীর গুনাগরী থেকে আসা এক অ্যাম্বুলেন্স চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মোটরসাইকেল আরোহীরা তেল নিতে পুরো সড়কে জটলা তৈরি করে ফেলেছে। ফলে মুমূর্ষু রোগী নিয়ে দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে। জরুরি যানবাহনের জন্য তারা আলাদা কোনো ব্যবস্থা রাখেনি।’
সিইউএফএল থেকে আসা এক ট্রাক চালকের মতে, তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় চালকেরা সুযোগ পেলেই একসঙ্গে পাম্পে ছুটছেন, যার ফলে প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
জানা গেছে, পরবর্তীতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় ধীরে ধীরে যানজট কমতে শুরু করে।
কর্ণফুলী থানার ট্রাফিক পুলিশ ইনচার্জ (টিআই) আবু বাকার সায়েদ বলেন, ‘পাম্প এলাকায় অতিরিক্ত যানবাহন প্রবেশের কারণে সাময়িক যানজট তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
এনআই