প্রতি ঈদেই বর্ণাঢ্য ইত্যাদির পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। তার এবারের ঈদের নাটকের নাম ‘ভালোবেসে অবশেষে’। নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য।
এ নাটকের গল্প প্রসঙ্গে হানিফ সংকেত জানিয়েছেন, রানা ও নীলা ছেলেবেলায় একই গ্রামে একসঙ্গে বড় হয়েছে। তাদের মধ্যে সবসময় মিষ্টি ঝগড়া লেগেই থাকত। একসময় পড়াশোনার জন্য নীলা চলে যায় বিদেশে। রানা থেকে যায় গ্রামে। দীর্ঘদিন পর নীলা আবার দেশে ফিরে আসে। এরপর তার বাবা-মায়ের সঙ্গে গ্রামে বেড়াতে যায়। হঠাৎ করেই দেখা হয় ছোটবেলার খেলার সাথী রানার সঙ্গে। তারপর রানা ও নীলাকে ঘিরে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা।
নাটকটিতে রানার চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আর নীলার চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, নূর এ আলম নয়নসহ আরও অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান।
এ নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব। নাটকটি ধারণ করা হয়েছে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে।
আরএ