জন্মগত ভাবে তিনি তারকাকন্যা। কিন্তু প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন। বাবার সঙ্গে মাঝেমধ্যে এক মঞ্চে অনুষ্ঠান করলেও সেই ভাবে এখনও নিজেকে বিনোদন জগতের অংশ করে তোলেননি নচিকেতা-কন্যা ধানসিড়ি চক্রবর্তী। কিন্তু কেন? প্রশ্ন করতেই ধানসিড়ির স্পষ্ট উত্তর, “আমি আসলে নিজের মতো করেই থাকতে ভালবাসি।”
এই একই প্রশ্ন করা হয়েছিল নচিকেতা চক্রবর্তীকে। বাবার পরামর্শেই কি নিজেকে প্রচারের আলো থেকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করেন ধানসিড়ি? শিল্পীর উত্তর, “আমার পরামর্শ নয়। ও নিজেই একটু লাজুক প্রকৃতির। আমার পরিচয়টা খুব একটা ব্যবহার করতে চায় না ও।” নচিকেতার কন্যা— এই পরিচিতি ব্যবহার করলে, নিজের পরিচিতি তৈরি হবে না।
এমন কোনও ধারণায় বিশ্বাস করেন ধানসিড়ি? নচিকেতা বলেন, “ও কখনওই এই পরিচিতি আলাদা করে ব্যবহার করেনি। স্কুল-কলেজ থেকে শুরু করে কোনও জায়গাতেই নচিকেতার মেয়ে বলে ও আলাদা কিছু নেয়নি। যে চাকরিটা ও করে, সেটাও আমার নাম না করেই পেয়েছে।”
ধানসিড়ি পেশায় শিক্ষিকা। সেই সঙ্গে তাল মিলিয়ে গান করেন। নচিকেতা নিজেও মনে করেন, আজকের দিনে শুধু গান গেয়ে টিকে থাকা কঠিন। একটি স্থায়ী পেশার প্রয়োজন রয়েছে। গায়কের কথায়, “স্কুলের পড়ানোর বিষয়টায় ও বেশি গুরুত্ব দেয়। গানটায় তাই বেশি সময় দিতে পারে না। আসলে শুধু গান গেয়ে টিকে থাকা কঠিন। সময়টা তো ভাল নয়।” তবে এই ব্যস্ত জীবনযাপনের মধ্যেও ছুটির দিনে বাবা-মেয়ে গান নিয়ে বসেন তারা।
আরএ