মুন্সিগঞ্জ সদর উপজেলার রজতরেখা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আবির হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর সোমবার সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি গ্রামের গুদারাঘাট সংলগ্ন এলাকায় নদী থেকে মরদেহটি তোলা হয়।নিহত আবির হোসেন মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার আধারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার (১৫ মার্চ) দুপুরে চার বন্ধু মিলে রজতরেখা নদীতে গোসল করতে নামে। তিন বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নদীর স্রোতে তলিয়ে যায় আবির। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। তবে রোববার দিনভর চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় প্রায় ২০ ফুট গভীর পানি থেকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া।
এসআর