উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার (১৫ মার্চ) রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রকিবুল ইসলাম এই তথ্য জানিয়ে তিনি বলেন, মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন। যাত্রাপথে তার কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়নি।
এর আগে রবিবার (১৫ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটের দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বলে জানিয়েছেন মির্জা আব্বাসের ভাগনা ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য। এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেন।
মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
গত ১১ মার্চ (বুধবার) ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। শারীরিক অবস্থার অবনতি হলে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা ছিলেন। মেডিকেল বোর্ডের পরামর্শে শুক্রবার (১৩ মার্চ) মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় রোববার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়।
এইচএ