এইমাত্র
  • গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৮
  • পারিবারিক সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা সন্তানদের ভুল পথে যাওয়া রুখতে পারে: ত্রাণমন্ত্রী
  • ‘আবার মজলুম হলে সংবাদমাধ্যমকেই বলবেন, আমাকে বাঁচান’
  • স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
  • হজে কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব: ধর্মমন্ত্রী
  • বিশৃঙ্খলা বন্ধ না হলে কারখানা চালাতে চান না মালিকরা: বিজিএমইএ সভাপতি
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু
  • ৪ নভেম্বর থেকে সারাদেশে ৩দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    আন্তর্জাতিক

    গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৮

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

    গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৮

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
    ফাইল ছবি

    গাজা উপত্যকায় পৃথক দুটি ইসরায়েলি বিমান হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    রোববার (১ নভেম্বর) গাজার স্বাস্থ্যকর্মী ও হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    চিকিৎসকরা জানিয়েছেন, গাজা নগরীতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমাঞ্চলে চালানো আরেকটি ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ পুলিশ কর্মকর্তা।

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিসে কয়েকজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি বাহিনীটি। এছাড়া গাজা নগরীতে চালানো হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

    এক বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামাস পুনরায় সংগঠিত হচ্ছে এবং হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত কয়েক সপ্তাহে গোষ্ঠীটির ওপর ইসরায়েলি হামলা ব্যাপকভাবে বেড়েছে।

    তবে নতুন করে হামলা চালানো কিংবা যুদ্ধের অস্ত্র সংগ্রহের অভিযোগ অস্বীকার করেছে হামাস। বিপরীতে গাজা শান্তি চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে দায়ী করেছে গোষ্ঠীটি।

    গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে উপত্যকাটি পুনর্গঠনের কথা বলা হয়েছিল। তবে আলোচনার টেবিলে হামাসের অস্ত্র সমর্পণ এবং উপত্যকার প্রায় দুই-তৃতীয়াংশ ভূখণ্ড নিয়ন্ত্রণকারী ইসরায়েলি বাহিনীর সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা না হওয়ায় সেই প্রক্রিয়ায় খুব বেশি অগ্রগতি হয়নি। এসব এলাকা থেকে সাধারণ বাসিন্দাদের আগেই সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল।

    গাজার ২০ লাখেরও বেশি অধিবাসীর প্রায় সবাই এখন উপত্যকার অবশিষ্ট এক-তৃতীয়াংশ এলাকায় যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপের মধ্যে অস্থায়ী তাঁবু ও ক্ষতিগ্রস্ত বাড়িঘরে কোনো রকমে বসবাস করছেন। এলাকাটি এখনও হামাসের কার্যকর নিয়ন্ত্রণে রয়েছে।

    উপত্যকার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত দেড় হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, এ সময়ে তাদের চারজন সেনা নিহত হয়েছেন।

    ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হওয়ার পর গাজায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এরপর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।


    সূত্র: রয়টার্স।


    এইচএসএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…