পোশাকশিল্পে চলমান শ্রম অসন্তোষ, বিশৃঙ্খলা ও কারখানা ভাঙচুর বন্ধ না হলে মালিকেরা আর কারখানা চালু রাখতে চান না বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, কারখানা পরিচালনার উপযুক্ত পরিবেশ না থাকলে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়।
আজ রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমাদের প্রতিটি সদস্য প্রতিদিন ফ্যাক্টরি পরিচালনা করতে চান। কারণ উদ্যোগ নেয়া হয়েছে কারখানা চালু রাখার জন্যই। কিন্তু কারখানা পরিচালনা করার মতো পরিবেশ যদি না থাকে, তবে তা চালানো সম্ভব নয়। ন্যূনতম মজুরি বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হয়েছে এবং এই বার্তা আগেই শ্রমিকদের দেয়া হয়েছিল। কিন্তু তারপরও এই প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ও কারখানা ভাঙচুর করা হয়েছে, কাজ করতে দেয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমাদের উদ্যোক্তারা এটি নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন। অধিকাংশ শ্রমিক কাজ করতে চান এবং মালিকরাও কারখানা চালু রাখতে চান। কিন্তু গুটি কয়েক শ্রমিক নামধারী ব্যক্তি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনী এরইমধ্যে বিষয়টি চিহ্নিত করেছে। আমরা আশা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা নেবে এবং যারা আইন হাতে তুলে নিচ্ছেন, তাদের আইনের আওতায় আনবে। এই বিশৃঙ্খলা বন্ধ না হলে মালিকরা আর ফ্যাক্টরি চালাতে চান না–সেই বার্তা তারা দিয়ে গেছেন। সার্বিক বিষয়ে আমরা শিগগিরই সরকারের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
এদিকে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকাসহ একাধিক দাবিতে আজ সকাল থেকেই রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভারে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে মিরপুরে সাউন্ড গ্রেনেড ও বাঁশি ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এর আগে সংঘর্ষের একপর্যায়ে মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানান, জনভোগান্তি এড়াতে সড়ক পরিষ্কার করা হয়েছে। কোনো লাঠিচার্জ বা কাউকে আটক করা হয়নি। পোশাকশ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কোনো সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী চক্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে শ্রমিকদের আন্দোলনের মুখে আজ সচিবালয়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রজ্ঞাপন অনুযায়ী, মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আকতারকে নিয়োগ দেয়া হয়েছে। নিরপেক্ষ সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে।
এইচএ