একাডেমিক, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার ইউনিভার্সিটি তুন আবদুল রাজাক (UNIRAZAK)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB)।
গত ২৭ অক্টোবর ২০২৬ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত UNIRAZAK ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ পিএইচডি তত্ত্বাবধান, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা এবং নতুন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক সম্মেলন, সিম্পোজিয়াম, সেমিনার, কর্মশালা ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি যৌথভাবে আয়োজনের বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে দুই বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধিরা উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। বৈঠকে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, যৌথ কার্যক্রমের রূপরেখা এবং উদ্যোগগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান। প্রতিনিধি দলের অন্য সদস্য ছিলেন একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ.কিউ.এম. শফিউল আজম এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদ।
অন্যদিকে, UNIRAZAK-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সামসিনার এমডি সিদ্দিন, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ফাইরুজ মোহাম্মদ নূর, ডেপুটি ভাইস-চ্যান্সেলর (রিসার্চ) অধ্যাপক ড. মোহাম্মদ রেয়াসুদ্দিন, ডেপুটি ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) ড. সুলাস্ত্রি ইয়াহইয়া এবং রিসার্চ অ্যান্ড পার্টনারশিপের পরিচালক ড. কিথ চং পেং লিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান এবং UNIRAZAK-এর পক্ষে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সামসিনার এমডি সিদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা চুক্তির কপি বিনিময় করেন।
এ অংশীদারত্বের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ, গবেষণা ও জ্ঞান বিনিময়ের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেটওয়ার্ক সম্প্রসারণে চুক্তিটি ভূমিকা রাখবে।
এসআর