নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা মূল্যের মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০ টার সময় সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ইসিজি মনিটর, লিফটের বিভিন্ন যন্ত্রপাতি, একটি বার্মিজ চাকু ও একটি ছোড়া উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার রিপন (৩৪), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রাব্বি (৩০), সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার হৃদয় চন্দ্র দাস (৩০) এবং মিজমিজি মৌচাক স্ট্যান্ড এলাকার মাসুম (২৯)।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমআর-২