লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মাদক ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘লংমার্চের ইতিহাস হচ্ছে—লংমার্চ পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যেটা করছে, সেটাকে গাড়িমার্চ বলে। এই গাড়িমার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের মন্তব্য নেই। এটি তাদের ব্যাপার। আমরা চাই, একটা দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।’
মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলার মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও আত্মহত্যাপ্রবণতা রোধের পদ্ধতি নিয়ে আলোচনা করেন সংস্কৃতিমন্ত্রী। এ ছাড়া জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
এইচএসএস