ভোলা শহরের কাঁচাবাজারে কেনাকাটার সময় জাল টাকাসহ শাহানাজ বেগম (৪২) নামের এক নারীকে আটক করেছেন ব্যবসায়ীরা। পরে তার কাছ থেকে প্রায় ৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে শহরের কাঁচাবাজারে জাল টাকা দিয়ে ধরা পড়েন ওই নারী। পরে তাকে সন্দেহ হলে ব্যাগ তল্লাশি চালিয়ে তার কাছে থাকা প্রায় ৭ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।
আটক শাহানাজ ভোলার ব্যাপারী বাজার সংলগ্ন কন্টাক্টার বাড়ির দরজা এলাকার সাইফুলের স্ত্রী।
খবর পেয়ে ভোলা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আটক ওই নারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এছাড়াও এ ঘটনায় আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার জাল নোটের উৎস এবং এর সঙ্গে জাল টাকা তৈরি বা সরবরাহের কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে আটক শাহানাজের দাবি, তিনি এসব টাকা তার স্বামী সাইফুলের কাছ থেকে সংগ্রহ করেছেন। জাল টাকার বিষয়ে তিনি কিছুই জানেন না।
ভোলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলা চলমান।
ইখা