কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে পৈত্রিক বসতভিটার গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধের জেরে বড় ভাই নুরুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আব্দুর রহিম (৪২) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে। তিনি পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করতেন। অভিযুক্ত আব্দুর রহিম নিহতের আপন ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আব্দুর রহিম পৈত্রিক বসতভিটার গাছ বিক্রির উদ্দেশ্যে কাটতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে বড় ভাই নুরুল ইসলাম ঘটনাস্থলে এসে গাছ কাটতে বাধা দেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে নুরুল ইসলামের পা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপ দেন।
গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. নাছির উদ্দিন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুর রহিম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এফএস