মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী একটি ইজিবাইক (অটোভ্যান) ও দ্রুতগতির কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তার ৯ বছর বয়সী ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয় খণ্ড ঝিনাইরগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবচর উপজেলার মাদবরকান্দি গ্রামের রিমি আক্তার এবং তার ৯ বছর বয়সী ভাতিজি আয়েশা আক্তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদবরকান্দি গ্রাম থেকে একই উপজেলার কাদিরপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যদের নিয়ে ইজিবাইকে রওনা হন তারা। পথে ঝিনাইরগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিমি আক্তার ও শিশু আয়েশা আক্তারের মৃত্যু হয় এবং আরও চারজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে অটোভ্যান চালকের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় উভয় যানবাহনই দ্রুতগতিতে চলছিল। প্রাথমিকভাবে বেপরোয়া গতিকেই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে।
এফএস