জাপানের বিপক্ষে আজ নেইমারকে কেন খেলানো হয়নি, তার ব্যাখ্যা দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারীকে তিনি অতিরিক্ত সময়ে নামানোর পরিকল্পনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তার আর প্রয়োজন পড়েনি বলে জানান এই ইতালিয়ান। কারণ ম্যাচের ৯৫ মিনিটে গাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন।
আনচেলত্তি বলেন, ‘আমরা অতিরিক্ত সময়ের জন্য নেইমারের অপেক্ষা করছিলাম। ওর সঙ্গে কথা বলেছিলাম, ম্যাচের ৬০ বা ৬৫ মিনিটের দিকে ও মাঠে নামত। কিন্তু আমরা ম্যাচে সমতা ফেরানোর পর দলের কৌশলে আর কোনো পরিবর্তন করতে চাইনি, কারণ ততক্ষণে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছিল।’
যুক্তরাষ্ট্রের হাউস্টনে এদিন পিছিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে শুরুতে কাসেমিরো গোল করে সমতা ফেরান এবং একেবারে শেষ মুহূর্তে মার্টিনেল্লির গোলে জয় নিশ্চিত হয় সেলেসাওদের। দারুণ জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। যেখানে তাদের মুখোমুখি হতে হবে নরওয়ে অথবা আইভরি কোস্টকে।
ম্যাচ শেষে ব্রাজিলের স্কোয়াডের গভীরতার প্রশংসা করেন আনচেলত্তি, ‘আমাদের বেঞ্চে প্রচুর বিকল্প রয়েছে। এটি দারুণ যে খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে ফর্মে আছে। আমাদের এটার মূল্যায়ন করতে হবে। ম্যাচটি খুবই চ্যালেঞ্জিং ছিল। জাপান সহজ প্রতিপক্ষ নয়, তারা বেশ সুসংগঠিত দল।’
উল্লেখ্য, সোমবার রাতে শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে ব্রাজিল।
এবি