বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশপ্রেম ও গণতন্ত্রের অভিন্ন সত্তাকে লালন করেই বিএনপি দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়েছে। জনগণের অধিকার, ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দলটি সবসময় কাজ করেছে বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনবাগ উপজেলা বিএনপির আয়োজিত বর্ণাঢ্য কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই বিএনপির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে দেশের রাজনৈতিক ইতিহাসে দলটি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নানা প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপি জনগণের পাশে থাকার চেষ্টা করেছে।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ স্বাধীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে—এটাই রাজনৈতিক দলগুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা। সেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তবে জনগণের অধিকার ও দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জয়নুল আবেদিন ফারুক বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের কল্যাণ। বিএনপি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকা প্রয়োজন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসবের দিন নয়; এটি দলের অতীত কর্মকাণ্ড মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণেরও সময়। জনগণের আস্থা অর্জন করতে হলে সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে হবে।
এ সময় সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইচএসএস