পাবনার সাঁথিয়ায় জমি ও বসতবাড়ি ছেলের নামে লিখে না দেওয়ায় মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সাঁথিয়া পৌরসভার দৌলতপুর মহল্লায়। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা মা সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের মৃত রতন আলী মিয়ার স্ত্রী সুফিয়া খাতুন (৬৫)। তাঁর ছেলে মো. মোক্তার হোসেন (৫০) কৌশলে তাঁর বাবার প্রায় ২৭ বিঘা জমি আগেই নিজের নামে লিখে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে সুফিয়া খাতুনের নামে থাকা বসতবাড়িটিও নিজের নামে লিখে দেওয়ার জন্য ছেলে মোক্তার ও তাঁর স্ত্রী মোছা. সাফিনা খাতুন (৪৫) চাপ দিতে থাকেন।
বসতবাড়ি ও জমি লিখে দিতে রাজি না হওয়ায় বৃদ্ধা মায়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করা হয় বলে অভিযোগ করেন সুফিয়া খাতুন। এক মাস আগে বসতবাড়ি লিখে দেওয়ার বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে ও ছেলের বউ মিলে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি নিজের ঘরে প্রবেশ করতে পারছেন না বলেও অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগের বিষয়ে ছেলে মোক্তার হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে মায়ের দেওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
তিনি আরও বলেন, ‘আমার মা ও বোন আমার বউকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এ কারণে আমি দৌলতপুর গ্রামেই ভাড়া থাকতাম। বর্তমানে আমি পাবনায় থাকি।’
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এইচএসএস