হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা মূল্যের চোরাই স্বর্ণসহ দুইজনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)। তাদের কাছ থেকে ২১ ক্যারেটের প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকার জব্দ করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, কার পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে এসব চোরাই স্বর্ণালংকার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন, বিভিন্ন দেশ থেকে আসা অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণ বাংলাদেশে আনা হতো। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় স্বর্ণ ও মাদক চোরাচালানসহ যেকোনো অপরাধ দমনে এপিবিএন সক্রিয় ভূমিকা পালন করছে। এ ধরনের অবৈধ তৎপরতা রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় দুই গ্রেফতার ব্যক্তি এবং অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এনআই