ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব জানায়, ইরানের বিরুদ্ধে যেকোনো হামলা বা হরমুজ প্রণালিতে হস্তক্ষেপের চেষ্টা হলে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনব্যবস্থাকে (ইসরাইল) ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে।’
আগামী ৪ জুলাই তেহরানে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফনের মাধ্যমে রাষ্ট্রীয় কর্মসূচি শেষ হবে। এ সময়ের মধ্যে কোম ও ইরাকেও বিভিন্ন শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।
এর আগে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের সতর্কবার্তা দেন। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘মৃত্যুর জন্য চিহ্নিত’ বলে মন্তব্য করার পর তিনি বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেওয়া হবে।
জানাজার সময় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে তেহরান, মাশহাদসহ কয়েকটি শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এমআর-২