এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মহাসড়কে অবৈধ স্থাপনা তৈরি ও গাড়ি পার্কিংয়ের দায়ে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ১ জনকে জরিমানা করা হয়েছে।
জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তার পূর্ব ও পশ্চিম পাশে অবৈধ স্থাপনা ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে চরম বিঘ্ন ঘটছিল। শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে বৃহস্পতিবার সকালে চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের নেতৃত্বে এবং অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ঢাকা-গামী স্বদেশ, দোয়েলসহ অন্যান্য পরিবহনের অবৈধ পার্কিং নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে কাগজপত্রবিহীন পরিবহনকে জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আতাউর রহমান, মোগড়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।
এমআর-২