রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ এবং ‘প্রকৃত অর্থেই শয়তান’ হিসেবে আখ্যায়িত করেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার।
কানাডার সংবাদপত্র ‘দ্য গ্লোব অ্যান্ড মেইল’-এ প্রকাশিত এক নিবন্ধে পুতিন সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক রাজনীতিতে পুতিনের প্রভাব ও তাঁর আচরণের নেতিবাচক দিক তুলে ধরতে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন স্টিফেন হারপার।
২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন স্টিফেন হারপার। ওই সময় পুতিনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয় তাঁর। নিবন্ধে হারপার স্বীকার করেছেন, পুতিন অত্যন্ত বুদ্ধিমান, কঠোর পরিশ্রমী এবং অসাধারণ নিয়মশৃঙ্খল একজন মানুষ। আন্তর্জাতিক বৈঠকগুলোতে তিনি সব সময় ভালো প্রস্তুতি নিয়ে আসেন এবং নিজের চাওয়া সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন। তবে পুতিনকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় বলে মনে করেন হারপার।
পুতিনের বুদ্ধিমত্তার প্রশংসা করলেও তাঁকে অত্যন্ত ধূর্ত বলে উল্লেখ করেছেন কানাডার সাবেক এই প্রধানমন্ত্রী। গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার অতীত অভিজ্ঞতার কারণে পুতিন সহজেই অন্যদের দুর্বলতা শনাক্ত করতে পারেন এবং সেগুলোর সুযোগ নেন। হারপার জানান, তাঁর পরিচিত বিখ্যাত ব্যক্তিদের মধ্যে পুতিনকে নিয়েই মানুষ সবচেয়ে বেশি জানতে চায়। জেমস বন্ড সিনেমার ভিলেনদের মতো বাস্তব জীবনেও পুতিন ইচ্ছাকৃতভাবে নিজের দেশ ও বিশ্বজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন বলে মনে করেন তিনি।
হারপারের শাসনামলে রাশিয়ার সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্ক বেশ বৈরী ছিল। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নিলে হারপার সরকার মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এমনকি ওই বছর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে পুতিনের সঙ্গে দেখা হলে তাঁকে সরাসরি ইউক্রেন থেকে সরে যাওয়ার কথা বলেছিলেন হারপার। বৈশ্বিক নিরাপত্তার জন্য পুতিনকে সব সময় বড় ধরনের হুমকি হিসেবে দেখে এসেছেন কানাডার সাবেক এই প্রধানমন্ত্রী।
এইচএসএস