এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে নতুন করে সরব হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। তার অভিনয়জীবন ও অতীত পথচলা নিয়ে করা একটি পুরোনো মন্তব্য সম্প্রতি আবারও সামনে আসায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে নিজের অবস্থানও জানিয়েছেন পপি। এবার দীর্ঘদিনের সহকর্মী ওমর সানী দাঁড়ালেন তার পাশে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে পপিকে ঘিরে চলমান আলোচনা নিয়ে কথা বলেন ওমর সানী। সেখানে তিনি ধর্ম ও কর্মকে আলাদা বিষয় হিসেবে উল্লেখ করে পপির বক্তব্যের ধরন নিয়ে নিজের আপত্তির কথা জানান।
ওমর সানী লিখেছেন, ‘পপির কথাটা যেভাবে আসছে, এভাবে ঠিক না, যদি ও এভাবে বলে থাকে। আসলে ধর্ম-কর্ম দুইটা আলাদা জিনিস। কর্মটা হালাল, ধর্ম তো কোনো কথাই নেই।’
তবে পপির বক্তব্যের ধরন নিয়ে আপত্তি থাকলেও চলচ্চিত্রে কাজ করাকে তিনি অনৈতিক বা অন্যায় হিসেবে দেখছেন না। বরং সৎভাবে পরিশ্রম করে চলচ্চিত্রে কাজ করে জীবিকা নির্বাহের বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখেছেন এই অভিনেতা। তার বক্তব্যের মূল সুর—কাজের মাধ্যমে সৎভাবে উপার্জন করায় অপরাধের কিছু নেই।
পোস্টে নিজের মক্কা-মদিনা সফরের প্রসঙ্গও তুলে ধরেন ওমর সানী। তিনি লেখেন, ‘আল্লাহর হুকুম ছাড়া কেউ মক্কা এবং মদিনাতে যেতে পারে না, কিন্তু আল্লাহ আমাদের ডেকেছেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।’
পপির উদ্দেশে পোস্টের শেষাংশে ওমর সানী আরও লেখেন, ‘ও এখনও আমার কাছে ছোট মানুষ, ভালো থাকিস পপি।’
এর আগে একটি ভিডিও বার্তায় অভিনয়জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দেন পপি। ভিডিওতে আবেগাপ্লুত অবস্থায় তাকে কাঁদতে দেখা যায়। সেখানে তিনি জানান, জীবনের বাকি সময়টা শান্তিতে কাটাতে চান। ভালো থাকার পাশাপাশি সৃষ্টিকর্তার নাম স্মরণ করে সময় কাটানোর ইচ্ছার কথাও জানান তিনি।
পপির সেই বক্তব্য সামনে আসার পর থেকেই তার অভিনয়জীবন, ব্যক্তিগত সিদ্ধান্ত এবং অতীত পথচলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ তার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন, আবার কেউ তার বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলছেন। এর মধ্যেই ওমর সানীর মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন ওমর সানী। এরপর ‘জগত সংসার’সহ একাধিক চলচ্চিত্রে তারা একসঙ্গে কাজ করেন। দীর্ঘদিনের সহকর্মী পপিকে নিজের কাছে এখনো ‘ছোট মানুষ’ উল্লেখ করে তার ভালো থাকার প্রত্যাশা জানিয়েছেন ওমর সানী।
এইচএসএস