নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে লোকমানপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভাঙা শনাক্ত হলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এতে আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে অন্তত ছয়টি ট্রেন। পরে জরুরি মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়। সকাল সাড়ে ১০টার পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে রেললাইন ভাঙা দেখতে পান কর্তব্যরত রেলকর্মীরা।
নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেন রেলওয়ের কর্মীরা।
এ সময় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেসসহ অন্তত ছয়টি ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রেলওয়ের কর্তৃপক্ষ জানান, ভাঙা অংশ শনাক্ত হওয়ার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে জরুরি মেরামত শুরু করা হয়। প্রাথমিক মেরামত শেষে ওই অংশ দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইন ভাঙার খবর পাওয়ার পর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর আংশিক মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়।
পরে সকাল সাড়ে ১০টার পর মেরামত কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে আটকে পড়া ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
প্রায় চার ঘণ্টার ভোগান্তির পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ এখন স্বাভাবিক রয়েছে।
ইখা