ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক। শিক্ষার্থীদের নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে বিশেষ পর্যবেক্ষণ ও পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাঁর স্বাক্ষরিত এক প্রাতিষ্ঠানিক নোটিশে এ তথ্য জানা যায়।
নোটিশে বলা হয়, আগামী দুই-তিন দিনের মধ্যে উপজেলার সব স্কুল ও মাদ্রাসায় প্রতিদিনের নামাজ ট্র্যাকিং কার্যক্রম শুরু হবে। প্রতিদিনের প্রথম ধর্মীয় ক্লাসে শিক্ষক বা সহকারী মৌলভীগণ শিক্ষার্থীদের কাছ থেকে আগের দিনের নামাজ আদায়ের তথ্য সংগ্রহ করে নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করবেন।
মাস শেষে প্রতিটি প্রতিষ্ঠান এ-সংক্রান্ত একীভূত প্রতিবেদন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দাখিল করবে। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা অফিসের পক্ষ থেকে নিয়মিত ও বেশি ওয়াক্ত নামাজ আদায়কারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
নোটিশে ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে ইহকালে শান্তি ও পরকালে মুক্তির জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কেয়ামতের দিন প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে—এমন হাদিসের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায়ের তাগিদ দেওয়া হয়েছে।
উদ্যোগটির বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৎ, নীতিবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নামাজ আদায়ের এই নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জীবন সুশৃঙ্খল হবে বলে আশা করছি।’
এইচএসএস