এইমাত্র
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • স্কুল ফিডিংয়ের প্যাকেটজাত দুধে জ্যান্ত পোকা পাওয়ার অভিযোগ
  • সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি
  • ‘বাবা’র ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: সালাম পিন্টু
  • শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ
  • মনপুরায় সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের বিরুদ্ধে যুবদল নেতার মামলা
  • নতুন পে স্কেলে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    বিধবা ভাতা আত্মসাতের অভিযোগ তদন্তে গিয়ে ‘মীমাংসার’ প্রস্তাব সমাজকর্মীর

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

    বিধবা ভাতা আত্মসাতের অভিযোগ তদন্তে গিয়ে ‘মীমাংসার’ প্রস্তাব সমাজকর্মীর

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে বিধবা ভাতার টাকা উত্তোলনের অভিযোগ তদন্তে গিয়ে বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক ইউনিয়ন সমাজকর্মীর বিরুদ্ধে। আপসে রাজি না হয়ে বিচার চাওয়ার কথা জানালে ভুক্তভোগীর স্বামীর প্রায় দুই দশক আগের একটি ঋণের প্রসঙ্গ তুলে তা পরিশোধের কথা বলা হয় বলেও অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

    অভিযুক্ত সমাজকর্মীর নাম মো. আশেকুর রহমান। তিনি দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত এবং টেপ্রীগঞ্জ ইউনিয়নে দায়িত্ব পালন করছেন।

    সোমবার (৩১ আগস্ট) টেপ্রীগঞ্জ ইউনিয়নের বানেশ্বরপাড়ায় ভুক্তভোগী রহিমা বেগমের বাড়িতে তদন্তের জন্য যান আশেকুর রহমান। সেখানে তিনি রহিমা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

    ভুক্তভোগীর ছেলে জহিরউদ্দিন অভিযোগ করে বলেন, “ইউনিয়ন সমাজকর্মী আশেকুর রহমান তদন্তের জন্য আমাদের বাড়িতে আসেন। তিনি বলেন, ‘মেম্বারের যে মান-সম্মান যাওয়ার, তা তো গেছেই। এগুলো নিয়ে বাড়াবাড়ি করে লাভ নেই। এর চেয়ে আপস করে নেন। আপনারা কত টাকা চান? আপনারা কী চান, টাকা নাকি বিচার?’ আমরা আপস করতে রাজি না হয়ে বিচার চাই বলে জানালে তিনি বলেন, আমার বাবা ১৬ বছর আগে সমাজসেবা অফিস থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন এবং সেই টাকা পরিশোধ করতে হবে।”

    তিনি আরও বলেন, “আমার বাবা মারা গেছেন প্রায় ১৬ বছর হলো। স্থানীয় একজন ইউপি সদস্যের কাছ থেকে জানতে পেরেছি, ওই ঋণ আরও পুরোনো, প্রায় ২০ থেকে ২২ বছর আগে নেওয়া হয়েছিল। বিধবা ভাতার টাকা আত্মসাতের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে তদন্তের সময় প্রায় দুই দশক আগের ওই ঋণের প্রসঙ্গ তোলা হয়েছে।”

    ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “সমাজকর্মী যখন ঋণের বিষয়টি বলেন, তখন আমি তাঁকে জিজ্ঞেস করি, বিধবা ভাতার অভিযোগ তদন্ত করতে এসে এত পুরোনো ঋণের কথা কেন বলা হচ্ছে? তিনি এ বিষয়ে আর কিছু বলেননি। পরে জহিরউদ্দিনের মোবাইল নম্বর নিয়ে যান এবং ফোন দেওয়া হলে তাঁদের দেবীগঞ্জে যেতে হবে বলে জানান।”

    তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন সমাজকর্মী মো. আশেকুর রহমান। তিনি বলেন, “আমি অভিযোগকারীর বাড়িতে গিয়ে বিধবা ভাতার অভিযোগের বিষয়ে কথা বলেছি। কাউকে আপস বা মীমাংসার প্রস্তাব দিইনি। কথার একপর্যায়ে অভিযোগকারীর মৃত বাবার সমাজসেবা কার্যালয়ের একটি ঋণের কথা উল্লেখ করেছি। তবে ওই ঋণ পরিশোধ করতে হবে, এমন কোনো কথা বলিনি।”

    এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু রায়হান বলেন, “আশেকুর রহমান টেপ্রীগঞ্জ ইউনিয়নের সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই তাঁকে সরেজমিনে গিয়ে ভুক্তভোগীর খোঁজখবর নেওয়া এবং তাঁদের দেবীগঞ্জে আসতে বলার জন্য পাঠিয়েছি। আপস-মীমাংসা কিংবা ঋণের বিষয়ে কথা বলতে তাঁকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমি ভুক্তভোগীর সঙ্গে সরাসরি কথা বলে তদন্ত কার্যক্রম পরিচালনা করব।”

    এই বিষয়ে তদন্তকারী কর্মকর্তাকে সতর্ক করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা।

    উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে রহিমা বেগমের বিধবা ভাতার টাকা নিজের মোবাইল নম্বর ব্যবহার করে উত্তোলনের অভিযোগ উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, প্রায় ছয় বছর ধরে ওই ভাতার টাকা থেকে বঞ্চিত রয়েছেন রহিমা বেগম।

    অভিযোগটি প্রকাশ্যে আসার পর গত ৩০ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহার স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি সরেজমিন তদন্তের নির্দেশ দেওয়া হয়। অভিযোগটি তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু রায়হানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…