সিরিয়ার রাজধানী দামেস্কের হেজাজ এলাকায় একটি ক্যাফের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দামেস্কের আল-নাসর স্ট্রিটে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে ১৪ জনকে আল-মুজতাহিদ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫ জন নিহত এবং ১০ জন আহত। এছাড়া আরও একজন আহত ব্যক্তিকে সিরিয়ান রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়া জানায়, বিস্ফোরণের প্রকৃতি তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এটি বিস্ফোরক, গ্যাস লিক নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। তবে এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে দামেস্কে একাধিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে। গত মে মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত একজন সেনা নিহত এবং ২০ জনের বেশি আহত হন।
একই মাসে রাজধানীর আরেকটি এলাকায় একটি খালি বাসে বিস্ফোরণে পাঁচজন বেসামরিক ব্যক্তি আহত হন। এসব ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলেও বিচ্ছিন্ন বিস্ফোরণের ঘটনা পুরোপুরি থামেনি।
সর্বশেষ বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে তদন্ত চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর গঠিত হতে যাওয়া সিরিয়ার প্রথম পার্লামেন্টের কাঠামো চূড়ান্ত হতে শুরু করেছে, এমন সময়ে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটল।
এমআর-২