জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ মে) গভীর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল বিন্যাফৈর বাজারের ২ নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিন্যাফৈর বাজারে ৫ আগস্টের পর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় করে বিএনপি নেতারা। সেখান থেকেই নির্বাচন পরিচালনা করা হয়। শুক্রবার গভীর রাতে দলীয় কার্যালয়ের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দূর্বৃত্তরা। এসময় ঘরে থাকা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ছবিতে আগুন দেয়া হয়। কার্যালয়ে থাকা টেবিল, বিভিন্ন মূর্যাল ও ঘরের চারপাশের বেড়ার সাথে আগুন দেয়া হয়। পরে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও উপজেলা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর-রশিদ ফকির সহ দলের নেতাকর্মীরা জানান, দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের দুর্বৃত্তরা আগুন দিয়েছেন। এসময় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় বাজারের কয়েকটি দোকান। প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্তের দাবি করেন তিনি।
এব্যাপারের সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইখা