গাজীপুরের কাপাসিয়া উপজেলার জেলা সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার ঘাগুটিয়াচালা চর বাঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে মাদকবিরোধী গণস্বাক্ষর কর্মসূচিও পালন করা হয়।
এ সময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে একাধিক মাদক কারবারি। মাদকের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের মামলা, হামলা ও ভয়ভীতির হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গাজীপুর ও জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে দিন দিন মাদকের সহজলভ্যতা বাড়ছে। এছাড়া কাপাসিয়া সদর থানা থেকে এলাকাটি প্রায় ২০ কিলোমিটার দূরে ও দুর্গম হওয়ায় পুলিশ প্রশাসনের নিয়মিত নজরদারি কম। সেই সুযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আরও সক্রিয় হয়ে উঠেছে বলে দাবি তাদের।
বক্তারা আরও বলেন, মাদকের ভয়াল থাবায় এলাকার যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তাই দ্রুত মাদক কারবারিদের গ্রেপ্তার এবং এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা।
কাপাসিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, "আমরা দল-মত নির্বিশেষে মাদক নির্মূলের পক্ষে। মাদক ব্যবসায়ীরা সমাজ ও দেশের শত্রু। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে"।
মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রনেতা খাইরুল আনাম। তিনি বলেন, “দেশে মাদকের বিরুদ্ধে প্রচলিত আইন দুর্বল হওয়ায় অনেক মাদক ব্যবসায়ী খুব সহজেই আইনের ফাঁক গলে বেরিয়ে আসে। পরে তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদক নির্মূলে আইনের সংস্কার জরুরি।”
মানববন্ধন শেষে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ইখা