জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ বস্তা (৫ মেট্রিক টন) টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় সার বহনকারী একটি ট্রলিও আটক করা হয়।
গতকাল সোমবার ( ৩১ আগস্ট) দিবাগত রাতে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের পোল্লাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে একটি চক্র অবৈধভাবে টিএসপি সার মজুত করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে তা অন্যত্র নিয়ে যাচ্ছিল। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পোল্লাকান্দি এলাকা থেকে ১০০ বস্তা টিএসপি সারসহ ট্রলিটি জব্দ করে।
অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জহুরুল ইসলাম। এ সময় দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রতন মিয়া উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রতন মিয়া জানান, অবৈধভাবে কৃত্রিম সংকট তৈরি ও মজুত করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার পথে সারগুলো জব্দ করা হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জহুরুল ইসলাম বলেন, জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে এবং সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পিএম