পঞ্চগড়ের দেবীগঞ্জে অসুস্থ শিশুসন্তানকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বীথি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছরের ছেলে আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বীথি আক্তার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার অটোভ্যান চালক জাহিদুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানের সমস্যার চিকিৎসার জন্য জাহিদুল ইসলাম নিজের অটোভ্যানে করে স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে নীলফামারীর ডোমারে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার সময় ঝড়ো বৃষ্টি শুরু হয়। পথে ফার্মগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের তীব্র আলোয় অটোভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জাহিদুল। এ সময় মহাসড়কের পাশে নির্মাণকাজের জন্য ফেলে রাখা বালুর স্তূপে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়।
দুর্ঘটনায় বীথি আক্তার ও তার শিশুসন্তান সড়কের ওপর ছিটকে পড়লে দ্রুতগতির ট্রাকটি বীথিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দেবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহায়তায় আহত জাহিদুল ইসলাম ও তার শিশুসন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। আটক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
ইখা